নানা আয়োজনে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় জাতির জনকের কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এসব কর্মসূচি পালন করে।বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া পৌর মেয়র সরদার ইলিয়াস হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আসলাম সরদার, দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ আরিফ, সহদপ্তর সম্পাদক আবদুস সামাদ বিশ্বাস, মিজানুর রহমান, নুরু মুন্সী প্রমুখ। গতকাল বিকেলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী: গতকাল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে শহরে শোভাযাত্রা বের করে। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল হক তালুকদার, সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঝালকাঠি: শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনের সড়কে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে শোভাযাত্রা-পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান, জেলা ছাত্রলীগের সভাপতি হাদিসুর রহমান ও সম্পাদক জামাল হোসেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।নাটোর: গতকাল সকালে জেলা আওয়ামী লীগের সভাপতির বাসা ও অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেওয়া হয়। একই সময় ওই বাসার সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসব কর্মকাণ্ডে মাত্র সাত-আটজন নেতা-কর্মী অংশ নেন। দলের একজন সাধারণ কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে দলের একজন মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান রয়েছেন। অথচ খরচের ভয়ে বাড়িতে বসে চুপিচুপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলো। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ প্রথম আলোকে বলেন, সকালে দলের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। পরে শোভাযাত্রা করা হয়েছে। তবে নেতা-কর্মীরা শোভাযাত্রা করা হয়নি বলে জানিয়েছেন।