নানা আয়োজনে আদিবাসী দিবস উদ্যাপন

রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গতকাল বুধবার বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে সকালে শোভাযাত্রা বের হয়। পরে নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। চাঁপাইনবাবগঞ্জের জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী মুক্তি মোর্চা, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, নাচোল আদিবাসী একাডেমি, আদিবাসী সমাজকল্যাণ সমিতি, দিঘরী পরিষদ গোমস্তাপুর, লাহান্তি ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সমন্বয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী সমন্বয় কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। সমন্বয় কমিটির আহ্বায়ক হিংগু মুরমুর সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ আবদুল ওদুদ, সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়ার প্রমুখ।
রাজশাহীতে মাহালে ল্যাংগুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি ও মাহালে স্টুডেন্ট কাউন্সিলের আয়োজনে সকালে নগরের আলোপট্টি মোড়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে শোভাযাত্রা বের হয়। পরে মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগারে আলোচনা সভা হয়। মাসাউসের নির্বাহী পরিচালক যাকারিয়াস ডুমরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ আখতার জাহান। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু সরকার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সিরাজগঞ্জের তাড়াশের ক্ষীরপোতা আদিবাসী একাডেমিক ভবনে আদিবাসী অধিকার কেন্দ্র এআরসির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ম ম আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও আখতারুল ইসলাম, ওসি মনজুর রহমান। আদিবাসী অধিকার কেন্দ্রের সভাপ্রধান শেফালী রানী উরাওয়ের সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশ তাড়াশের প্রোগ্রাম অফিসার মৌশান ফাতিমা। রায়গঞ্জে বক্তব্য দেন উরাও ফাউন্ডেশনের সভাপতি আশুতোষ চন্দ্র সরকার, সম্পাদক যোগেন্দ্রনাথ সরকার, উপজেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থার সভাপতি বিরেন্দ্রনাথ উরাও প্রমুখ।
জাতীয় আদিবাসী পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর আয়োজনে দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে সেখানে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সূর্য মুর্মুর সভাপতিত্বে সভা হয়। সভায় সদর উপজেলার চেয়ারম্যান তৈমুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, আদিবাসী পরিষদের উপদেষ্টা ইমরান হোসেন চৌধুরী, সাংবাদিক মনসুর আলী, ইএসডিওর সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামীম হোসেন প্রমুখ বক্তব্য দেন। পীরগঞ্জে শোভাযাত্রা শেষে পাইলট উচ্চবিদ্যালয়ের হলরুমে সভা হয়। সভাপতিত্ব করেন কানন কিসকু। প্রধান অতিথি ছিলেন উপজেলা জিয়াউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী ও পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক।
দিনাজপুর শহরের লোকভবনে দিনব্যাপী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে নর্দান আদিবাসী ঐক্যজোটের সভাপতি জন মুর্মুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, ইউএনও মো. আবদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. এমদাদ সরকার, জেলা স্বেচ্ছ্বাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী। দুপুরে নবাবগঞ্জে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ শিবলী সাদিক। খানসামার সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও সাজেবুর রহমান। ফুলবাড়ীতে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও এহতেশাম রেজা। বোচাগঞ্জে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) রবিউল আহসান। পার্বতীপুর ইউনিট অফিস কার্যালয়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব মণ্ডল।
নওগাঁর পোরশার দানিপুকুর সাধুপৌল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সাধন চন্দ্র মজুমদার। ছাওড় পারগানা পরিষদের সভাপতি পল্টন হাঁসদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ। সারাইগাছী আদিবাসী গরু খামার চত্বরে সভায় জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার সভাপতি মহেন্দ্র পাহানের সভাপতিত্বে কেন্দ্রীয় জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান বক্তব্য দেন। মহাদেবপুরে সরস্বতীপুরে শোভাযাত্রা শেষে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ ছলিম উদ্দিন তরফদার। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুস সাত্তার, ইউএনও মোবারক হোসেন প্রমুখ। ধামইরহাটে শোভাযাত্রা হয়।
জয়পুরহাটে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকার সড়ক থেকে শোভাযাত্রা বের হয়। পরে পৌর কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন আদিবাসী নেতা দেওয়ান হেমরম। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মোক্কামেল হক, ত্রিনাথ মাহতো, মেয়র হাবিবুর রহমান প্রমুখ।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ ও রায়গঞ্জ, ঠাকুরগাঁও ও পীরগঞ্জ, দিনাজপুর ও বিরামপুর, নওগাঁ, জয়পুরহাট এবং সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি)