নানা আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন
শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চুয়াডাঙ্গা: সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরে শোভাযাত্রা বের হয়। পরে শ্রীমন্ত টাউন হল মঞ্চে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ভোলা নাথ দে।মাগুরা: সকালে শোভাযাত্রা শেষে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মুহাম্মদ সিরাজুল আকবর। অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সমাজসেবা অধিদপ্তর, মাগুরার উপপরিচালক ফজলুর রহমান, আবদুল আলিম প্রমুখ বক্তব্য দেন। ফরিদপুর: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। বেলা ১১টায় স্থানীয় জসীমউদ্দীন হলে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। সমাজসেবা অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক মো. শহীদুল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য দেন তামজিদা জান্নাতী, হালিম সর্দার, বেলায়েত হোসেন, জাহানারা বেগম, আজহারুল ইসলাম প্রমুখ।সখীপুর (টাঙ্গাইল): বেলা ১১টায় হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সহযোগিতায় সখীপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ স্থানীয় উপজেলা উন্নয়ন ও প্রশিক্ষণ সমন্বয়কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন আবদুল মালেক। উপজেলা চেয়ারম্যান শওকত শিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরহাদ হোসেন ভূঁইয়া।