নানা আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও গাজীপুরে গতকাল শনিবার নানা আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত অটিস্টিক শিশুদের বিকাশ কেন্দ্র আনন্দশালা দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে। অন্যদিকে গাজীপুরের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা, শোভাযাত্রা ও আলোচনা সভার।‘উন্নয়নে সম্পৃক্ত প্রতিবন্ধী ব্যক্তি: সবার জন্য সুন্দর এক পৃথিবী’ স্লোগান সামনে রেখে সকালে আনন্দশালা চত্বরে কেক কেটে প্রতিবন্ধী দিবস ও আনন্দশালার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মুনিরুজ্জামান। এ সময় সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা এ টি এম আবদুল হান্নান, আনন্দশালা স্কুলের পরিচালক (অনারারি) মুহম্মদ হানিফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।পরে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন আনন্দশালার শিক্ষক-শিক্ষার্থীরা। সবশেষে আনন্দশালা চত্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিন্টু বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজেরই অংশ। আমাদের সবার উচিত সরকারের পাশাপাশি নিজ নিজ স্থান থেকে তাদের বিকাশ ও উন্নয়নে সহযোগিতা করা। পর্যাপ্ত শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।’মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, প্রতিবন্ধীদের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।এদিকে গতকাল সকালে কালিয়াকৈর উপজেলার বলিয়াদি এলাকায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) ক্রীড়া প্রতিযোগিতা, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। তমছের আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মালবিকা ভৌমিক, ভার্কের উপ-নির্বাহী পরিচালক মো. ইয়াকুব, আইডার টেকনিক্যাল কর্মকর্তা সুসানা হারভেজ ডিলাইলা, আইডার স্বেচ্ছাসেবক ভেলেন্টিনা ফেরাই প্রমুখ।অন্যদিকে সকালে গাজীপুর ডিপিওডির উদ্যোগে উপজেলার শিলাবৃষ্টি কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড হয়ে কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ শেষে সৈয়দপুরে সংস্থার নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সংস্থার পরিচালক মো. নুরুজ্জামান, ইনছাদ আলী, গিয়াস উদ্দীন, ইজ্জত আলী প্রমুখ।