নানা আয়োজনে একুশের বীর শহীদদের স্মরণ
বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গতকাল বৃহস্পতিবার স্মরণ করল একুশের বীর শহীদদের। শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান—এসব আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এসব আয়োজনে মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখা ও দেশের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার করা হয়।একুশের প্রথম প্রহর থেকে শুরু করে গতকাল দিনের বিভিন্ন সময় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ। গতকাল সকালে গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য খোন্দকার মোকাদ্দেম হোসেনের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা গতকাল দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অমর একুশ স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সংগঠনের সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব এম ইকবাল আর্সলানের নেতৃত্বে গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দেয়। কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ গতকাল সকাল আটটায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। সংগঠনের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মহাসচিব মোবারক আলী এর নেতৃত্ব দেন। এই সময় বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।একুশের প্রথম প্রহরে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। সংগঠনের সভাপতি আবদুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুস সালাম মৃধা এ সময় উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একুশের প্রথম প্রহরে জোটের সহসভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। বিকেলে জোটের গুলশানের ঢাকা বিভাগীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাংসদ তারানা হালিম এই সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন। আলোচনা করেন সৈয়দ হাসান ইমাম, ইনামুল হক, জামালউদ্দিন হোসেন প্রমুখ। গতকাল সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রার্থনা সভার আয়োজন করা হয়। সভায় রানা দাশগুপ্ত, কাজল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।গতকাল বেলা তিনটায় রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা গবেষণা কেন্দ্র ও ইয়ুথ নেটওয়ার্ক অব সাউথ এশিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক আবদুল মতিন। তিনি বলেন, ‘৬১ বছরেও আমরা একুশের মূল চেতনা জাতীয়ভাবে প্রতিষ্ঠা করতে পারিনি।’ এর জন্য জাতীয় নেতৃত্বের ব্যর্থতার পাশাপাশি সাধারণ জনগণের ব্যর্থতাকেও দায়ী করেন তিনি। তিনি নতুন প্রজন্মকে একুশের চেতনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান। সভার সাম্মানিক অতিথি কোরিয়ার রাষ্ট্রদূত ক্যাং ইয়াং ইল ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সভায় বক্তব্য দেন সত্যপাল, শামীম মাশরেকী প্রমুখ।নানা আয়োজনে আরও যেসব সংগঠন শহীদ দিবস পালন করে সেগুলোর মধ্যে আছে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন, নতুনধারা বাংলাদেশ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন।