নানা আয়োজনে খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ৬৯তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে দিনভর কর্মসূচির আয়োজন করেন।গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৬৯তম জন্মদিনের ৬৯ পাউন্ডের একটি কেট কাটা হয়। কেক কাটেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান। এ সময় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা একে অপরকে কেক ও মিষ্টি খাইয়ে উৎসব করেন।বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে এবার খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপনের আনুষ্ঠানিকতায় কিছুটা ছন্দপতন ঘটেছে। প্রতিবছর খালেদা জিয়া প্রথম প্রহর ১২টা এক মিনিটে কেক কেটে জন্মদিন উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন। কিন্তু হরতালের কারণে তিনি তাঁর কার্যালয়ে না আসায় সেটা সম্ভব হয়নি। তবে গতকাল রাতে গুলশান কার্যালয়ে তিনি কেক কাটেন। সেখানে দলের বিভিন্ন স্তর থেকে একাধিক কেক নিয়ে যাওয়া হয়। নেতা-কর্মীরা দলীয় চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।জন্মদিন উপলক্ষে খালেদা জিয়ার গুলশানের বাসায় গতকাল সকালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদেশে অবস্থানরত খালেদা জিয়ার দুই ছেলে, পুত্রবধূ ও নাতনিরা তাঁকে টেলিফোনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।সকালে কেক কাটার পর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা দলীয় চেয়ারপারসনের দীর্ঘায়ু কামনা করছি। তাঁর নেতৃত্বে বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে।’ তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির চেয়ারপারসন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন করছেন, তা যৌক্তিক। এর সঙ্গে সাধারণ মানুষ একমত। জন্মদিন উপলক্ষে মহানগর বিএনপির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। এ ছাড়া বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় চেয়ারপারসনের জন্মদিন উদ্যাপন করা হয়েছে।খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। অবশ্য তাঁর বাবার বাড়ি ফেনীতে।