নানা আয়োজনে চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরকারি-বেসরকারি বহু সংগঠন দিনটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।‘কিশোরী তরুণী বালিকা মিলাও হাত, গড়ে তোলো সমৃদ্ধ ভবিষ্যৎ’ স্লোগান সামনে রেখে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জেলা শিল্পকলা একাডেমী থেকে বের করা শোভাযাত্রা শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়।চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খালেদ মামুন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ হাসিনা মান্নান।হাসিনা মান্নান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাঁদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। পরিবারে, সমাজের সব পর্যায়ে লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সচেতন হতে হবে।স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের জেলা কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্র ডিসি হিলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি এখনো নেতিবাচক। শুধু নারী হয়ে জন্মগ্রহণের কারণেই কন্যাশিশু, কিশোরী, তরুণী, এমনকি বয়স্ক নারীরাও যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে কিশোরী-তরুণীরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। তারা সহপাঠী, পথচারী, শিক্ষাঙ্গনের কর্মচারী, এমনকি কখনো কখনো শিক্ষকদের দ্বারাও নির্যাতনের শিকার হচ্ছে।বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক মো. ফেরদৌস আহম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সমন্বয়কারী শরীফ চৌহান, শাখা ব্যবস্থাপক শ্যামল মজুমদার প্রমুখ।মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নারীকে মানুষ হিসেবে দেখার জন্য এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে সমাজের সব স্তরে সামাজিক ঐক্য ও আন্দোলন সৃষ্টি করতে হবে।