নানা আয়োজনে চট্টগ্রামে পরিবেশ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সভায় বক্তারা বলেন, দিনে দিনে পরিবেশদূষণ বাড়ছে। দূষিত হয়ে পড়ছে পানি ও বায়ু। দূষিত হচ্ছে চারপাশ। এ থেকে পরিত্রাণ জরুরি। গতকাল বুধবার সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করে পরিবেশ অধিদপ্তর। নগরের এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে মুসলিম হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. জাফর আলমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন। আলোচনায় অংশ নেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া, ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশদূষণের কারণে দিনে দিনে ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে মানুষের জীবন। দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো খুবই জরুরি। এদিকে পরিবেশ দিবস উপলক্ষে নগরের ফিরিঙ্গিবাজার কর্ণফুলী নদীর পাড়ে কয়েকটি পরিবেশবাদী সংগঠন যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম, সনাক, বেলা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইলমা, পরিবেশ ছাত্র ফোরামসহ বিভিন্ন সংগঠন বিকেলে এই মানববন্ধনের আয়োজন করে। এতে মুহাম্মদ সিকান্দর খান, জেরিনা হোসেন, দেলোয়ার মজুমদার, শাহরিয়ার খালেদ, সুভাষ বড়ুয়া, আবু নোমান প্রমুখ বক্তব্য দেন।