নানা আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ
নানা আয়োজনে চট্টগ্রামে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। নগরজুড়ে ছিল বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানমালা। এর মধ্যে নগরের ডিসি হিল, সিআরবি ও বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মানুষের ঢল নামে। ডিসি হিলে শনিবার ভোরে রাগসংগীতের মধ্য দিয়ে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের বর্ষবরণ অনুষ্ঠানমালা শুরু হয়। এরপর দিনভর দলীয় ও একক গান, নৃত্য ও আবৃত্তি চলে। এখানে সকালের দিকে লোকসমাগম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপচে পড়া ভিড় দেখা গেছে। নতুন পোশাকে একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানাতে ব্যস্ত ছিলেন সবাই। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে সবাই ছুটেছে ডিসি হিলসহ অন্যান্য অনুষ্ঠানস্থলের দিকে। সকাল আটটার দিকে শুরু হয় সিআরবি পাহাড়ের বর্ষবরণের অনুষ্ঠান। বেলা ১১টার দিকে এখানে সব বয়সের নরনারীর ভিড় জমে। দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু গান-নৃত্য-আবৃত্তি-নাটক নয়, সব বয়সী মানুষ একে অপরের সঙ্গে হাসি-আনন্দ-আড্ডায় মেতে ওঠে নববর্ষ আবাহণে। পয়লা বৈশাখের অপর অনুষ্ঠানটি হয় নগরের মহিলা সমিতি উচ্চবিদ্যালয় মাঠে। বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদের এই অনুষ্ঠানটি শুরু হয় সম্মিলিত রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে। রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ও অভ্যুদয় এখানে সংগীত পরিবেশন করে। এরপর ঢাকা, চট্টগ্রাম ও কলকাতার শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। রাত ১১টার দিকে শেষ হয় এখানকার অনুষ্ঠান। এ ছাড়া নগরের শিল্পকলা একাডেমী, আউটার স্টেডিয়াম, লালদীঘি ময়দানসহ বিভিন্ন স্থানে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পয়লা বৈশাখ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে।