
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী পালন করেছে দলটি। বেলা পৌনে ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদনের সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, উপদেষ্টা ওসমান ফারুকসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী সরকারকে সরানোর শপথ নিয়েছে বিএনপি। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণ জয়ী হবে। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে।
খালেদা জিয়া শ্রদ্ধা নিবেদনের পরপরই নেতা-কর্মীরা কবরে ফুল দেন। ঢাকা মহানগরের বিভিন্ন থানা, অঙ্গ-সহযোগী সংগঠনের মধ্যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতা-কর্মীরা ফুল দেন। এ সময় বিপুলসংখ্যক নেতা-কর্মী সেখানে সমবেত হন। তাঁরা স্লোগানে স্লোগানে ওই এলাকা মুখর করে রাখেন।
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর কবরের পাশে রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করে। আর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগের দিন গত শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে সারা দেশে প্রতিটি সাংগঠনিক ইউনিট পৃথক কর্মসূচি পালন করেছে। বিভিন্ন জেলা-উপজেলা ও মহানগরে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।