নানা আয়োজনে নববর্ষ পালিত
বিশ্বের নানা প্রান্তের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হয়েছে খ্রিষ্টীয় নববর্ষ। তবে এবার নববর্ষ উপলক্ষে রাজধানীসহ সারা দেশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল। ফলে রাজধানীর অভিজাত হোটেলগুলোর আয়োজনে যোগ দিয়েছেন অনেকে। নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের কড়া নিরাপত্তা ছিল। সন্ধ্যার পর থেকেই পুলিশ বিশ্ববিদ্যালয় অভিমুখী সড়কগুলোয় চেকপোস্ট বসিয়ে জনসাধারণের চলাচল অনেকটাই নিয়ন্ত্রণ করে। তবে রাত ১২টা বাজার আগেই বিভিন্ন হল থেকে ছাত্ররা বেরিয়ে এসে উল্লাস করতে থাকে। ঘড়ির কাঁটা ১২টার ঘর স্পর্শ করার সঙ্গে সঙ্গেই উল্লাসের মধ্য দিয়ে ছাত্ররা স্বাগত জানায় ২০১১ সালকে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনের খোলা জায়গা, রাজু ভাস্কর্য চত্বরে শিক্ষার্থীরা মিলিত হয়ে নাচে-গানে মাতিয়ে তোলে পুরো এলাকা। পটকার শব্দ আর আতশবাজির ঝলকানিতে আলোকিত ছিল ক্যাম্পাস। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নয়, আতশবাজির ঝলকানি ছিল রাজধানীর বিভিন্ন স্থানে। তবে রাজধানীতে উচ্ছৃঙ্খলতা ঠেকাতে সন্ধ্যার পর থেকেই রাজপথে ছিলেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। উচ্ছৃঙ্খলতা ঠেকাতে মাঠে ছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো অঞ্চলের পাঁচটি দল। ফলে নতুন বছরকে ঘিরে নগরবাসীর উন্মাদনা সীমিত ছিল অভিজাত হোটেল, বাসায় ও বাড়ির ছাদে।