নানা আয়োজনে নারী দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অগ্রগতির মূল কথা, নারী-পুরুষ সমতা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে আলোচনা সভা ও শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম নগর: মহিলাবিষয়ক অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকালে শিল্পকলা একাডেমী থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। এরপর শিশু একাডেমী প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশের সব ক্ষেত্রে নারীদের দৃপ্ত পদচারণ রয়েছে। নারীরা এ অবস্থানে এসেছেন নিজের যোগ্যতায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) তানভীর আজম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজ ও উন্নয়নকর্মী জেসমিন সুলতানা, শিক্ষাবিদ আনোয়ারা আলম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য।
চট্টগ্রামের কৃতী নারীদের সম্মাননা প্রদান ও কথামালা, গান-নাচের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি। বেলা ১১টায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘নারী তোমার জন্য’।
অনুষ্ঠানে রত্নগর্ভা মা হিসেবে সম্মানিত করা হয় শিক্ষাবিদ সাহেদা বানু ও কামরুন নাহারকে। সমাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতী নারী হিসেবে সম্মানিত করা হয় মুক্তিযোদ্ধা রমা চৌধুরী, ক্রীড়াবিদ বিলকিস রাশেদ এবং সাংবাদিক ডেইজি মউদুদকে। এ ছাড়া লেডিস ক্লাব ও চট্টগ্রাম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজকেও নারী অগ্রগতির ক্ষেত্রে অবদান রাখার জন্য স্বীকৃতি দেওয়া হয়।
অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, আনোয়ারা আলম, সমাজকর্মী শীলা মোমেন, বিজ্ঞানী জয়নাব বেগম, নারী উদ্যোক্তা কোহিনূর কামাল, নৃত্যশিল্পী শারমিন হোসেন ও চিকিৎসক বাসনা মূহুরী।
এ ছাড়া দিবসটি উপলক্ষে গতকাল বিকেলে বাংলাদেশ সরকারি মহিলা সমিতি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে দিবসটি পালন করেছে।
ফেনী: জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা শিল্পকলা একাডেমীতে শোভাযাত্রা শেষ হয়। একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আরিফের সভাপতিত্বে ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তানজিলা বেগমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমঞ্চদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল হক, ইউএনও পি কে এম এনামুল করিম।
এ ছাড়া একাডেমী মাঠে ১০টি বেসরকারি সংস্থা তথ্যমেলার আয়োজন করে। নারী দিবস উপলক্ষে জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট প্রথম প্রহরে আঁধার ভাঙার শপথ অনুষ্ঠানের আয়োজন করে।
রাঙামাটি: ইউএনডিপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্প ও টিআইবির সহযোগিতায় রাঙামাটি জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ অংশ নেন। শহরের কুমার সমিত রায় জিমনেসিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, রাঙামাটি সচেতন নাগরিক কমিটির সভাপতি নিরূপা দেওয়ান, জয়িতা পুরস্কারপ্রাপ্ত পূর্ণসভা চাকমা।