নানা আয়োজনে নড়াইলে দুই দিনের সুলতান উৎসব শেষ
শিল্পী এস এম সুলতানের সঞ্চৃতিচারণা, শিশু কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার নড়াইলে দুই দিনব্যাপী সুলতান উৎসব শেষ হয়েছে।
গতকাল সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে জেলা প্রশাসক আবদুল গাফফার খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, শিল্পী হাশেম খান, পুলিশ সুপার মনির হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।
এর আগে বেলা ১১টায় শিশুস্বর্গের হলরুমে শিল্পী সুলতানের সঞ্চৃতিচারণা অনুষ্ঠান হয়।
লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হাশেম খান, সুলতানের পালিত কন্যা নিহার বালা, শিশুস্বর্গের শিক্ষক শিল্পী দুলাল সাহা, শিল্পী বলদেব অধিকারী প্রমুখ।
শিল্পী সুলতানের জীবদ্দশায় যাঁরা শিল্পীকে নানাভাবে সহযোগিতা করেছেন, তাঁরা পুরোনো দিনের সেসব কথা দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরেন।