নানা আয়োজনে পালিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিনির্ভর সমাজে নতুন নতুন উদ্ভাবনের কোনো বিকল্প নেই। দেশে লাখ লাখ ইতিহাসবিদের দরকার নেই। দরকার লাখ লাখ প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানী। তবেই দেশের সত্যিকার উন্নয়ন সম্ভব।গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রযুক্তিবান্ধব। তাই যেখানেই বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনীর বিকাশ ঘটবে, সেখানেই আমরা সহযোগিতা করব। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কর্ম ক্ষেত্রে মেধা ও যোগ্যতা দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। বিকেলে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য এম সবদার আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্রকল্যাণ পরিচালক গণেশ চন্দ্র সাহা, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ডুয়েট আন্দোলনের আহ্বায়ক পুলক কান্তি বড়ুয়া, অম্লান দত্ত, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুম, সাধারণ সম্পাদক নাহিদ মিয়া প্রমুখ।বিশ্ববিদ্যালয় দিবসের উৎসবকে ঘিরে গতকাল ক্যাম্পাস সেজেছিল বর্ণিল সাজে। বর্তমান আর সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে উঠেছিল গোটা ক্যাম্পাস। দুপুর পৌনে ১২টায় বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল। উদ্বোধন শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অন্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে শেষ হয় শোভাযাত্রাটি।এর আগে ক্যাম্পাসে কেক কাটেন জাহিদ আহসান রাসেল। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।