বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে রাজধানীতে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠা দিবস।
এ উপলক্ষে গতকাল শনিবার ক্যাম্পাসজুড়ে ছিল নানা আয়োজন। সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য কামাল উদ্দিন আহাম্মদ। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের লোগো-সংবলিত বেলুন ও পায়রা উড়িয়ে এবং
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নতুন প্রজন্মকে কৃষিতে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-উপাচার্য মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একাডেমিক ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন রাস্তা ঘুরে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে সকাল ৯টা থেকে আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা ঘোড়ার গাড়িতে চড়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে, ব্যানার-ফেস্টুন নিয়ে একাডেমিক ভবনের সামনে হাজির হতে থাকেন।
সন্ধ্যায় ছিল আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিজ্ঞপ্তি