নানা আয়োজনে প্রতিষ্ঠার পৌনে ২০০ বছর উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা, চিত্রাঙ্কন প্রদর্শনী, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার পৌনে ২০০ বছর উদ্যাপিত হলো ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজিয়েট স্কুলের। গতকাল শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে যোগ দিয়েছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক ছাত্ররা।১৮৩৫ সালে প্রতিষ্ঠিত ঢাকা কলেজিয়েট স্কুলের ১৭৫তম বর্ষপূর্তি উৎসব শুরু হয় ১৭ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এরই ধারাবাহিকতায় গতকাল উৎসব বসে বিদ্যালয় প্রাঙ্গণে।গতকাল সকালে বাহাদুর শাহ পার্ক থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় শোভাযাত্রা। বিদ্যালয়ের প্রয়াত ছাত্র-শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর শুরু হয় আলোচনাপর্ব। এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন প্রজন্মই পারে এ দেশকে পরিবর্তন করে দিতে। প্রচলিত শিক্ষাব্যবস্থা দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়। এ জন্য আধুনিক জ্ঞান-বিজ্ঞাননির্ভর, নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ শিক্ষা দরকার। এ লক্ষ্যেই নতুন শিক্ষানীতি বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভিন্ন অবদান তুলে ধরে তিনি বলেন, কলেজিয়েট স্কুলের গৌরবে দেশবাসী গৌরবান্বিত। দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান—সব ক্ষেত্রে এ বিদ্যালয়ের অবদান অবিস্মরণীয়।বিশেষ অতিথির বক্তব্যে স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, এ সরকার শিক্ষাবান্ধব। শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাফল্যের ছাপ রেখেছে। তিনি প্রাচীন এ বিদ্যালয়ের অতীত তুলে ধরেন। বিদ্যালয়টিকে বর্তমান অবস্থানে রেখে এর উন্নয়ন ও পাশে একটি খেলার মাঠের ব্যবস্থা করার আহ্বান জানান।অন্যদের মধ্যে উৎসব কমিটির চেয়ারম্যান, সাবেক সচিব বদিউর রহমান, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব হারুন অর রশীদ প্রমুখ বক্তব্য দেন।আলোচনা শেষে শিক্ষামন্ত্রী ১৭৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন। এ উপলক্ষে ছাত্রদের চিত্রাঙ্কন ও বিজ্ঞান মেলা প্রদর্শনীর আয়োজন করা হয়। বিকেলে সাবেক ছাত্রদের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।