নানা আয়োজনে প্রথম দিন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিসংগ্রাম নাট্যোৎসবের প্রথম দিন শেষ হয়েছে। সপ্তাহব্যাপী এই নাট্যোৎসবের প্রথম দিনে মুক্তিযুদ্ধের আর্ট ক্যাম্প ও স্মারক প্রদর্শনী, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান এবং নাটক মঞ্চস্থ হয়।
সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে আর্ট ক্যাম্প ও স্মারক প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। বিকেল পাঁচটার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে ‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ শীর্ষক এই উৎসব উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা তারামন বিবি (বীরপ্রতীক)। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ দীপু মনি, সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ প্রমুখ।
এরপর সেলিম আল দীন মুক্ত মঞ্চে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ফারজানা ইসলাম। সভায় তারামন বিবি বলেন, ‘২৫ মার্চ হত্যাকাণ্ডের নির্মমতা বুঝেই আমরা যুদ্ধ শুরু করেছিলাম। অনেক প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে।’
দীপু মনি বলেন, ‘পৃথিবীর ভয়াবহতম গণহত্যাগুলোর মধ্যে ২৫ মার্চের গণহত্যা অন্যতম। কিন্তু আন্তর্জাতিক পরিসরে এই গণহত্যা নিয়ে তেমন কোনো আলোচনা নেই। জাতীয় সংসদে ২৫ মার্চকে সর্বসম্মতিক্রমে গণহত্যা দিবস হিসেবে গ্রহণ করা হয়েছে। আমাদের বিশ্বাস, দ্রুত আন্তর্জাতিকভাবে এই দিবস গৃহীত হবে।’
সভা শেষে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংস্কৃতিতে অবদানের জন্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, স্বাস্থ্য খাতে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম, শিক্ষায় অধ্যাপক শরীফ এনামুল কবীর, প্রকৃতি সংরক্ষণে অধ্যাপক আবুল খায়ের, অর্থনীতিতে মহীউদ্দীন খান আলমগীর, সাহিত্যে লাসিমা শিরিন হোসাইন, নাটকে পদাতিক নাট্য সংসদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), মুক্তিযুদ্ধে মো. মতিউর রহমান ও তারামন বিবি, প্রথম নারী উপাচার্য হিসেবে ফারজানা ইসলাম, প্রথম নারী স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী, প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীপু মনিকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ ছাড়া সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নাট্যাচার্য সেলিম আল দীন, অভিনেতা হুমায়ুন ফরীদি ও নাট্যকার আবদুল্লাহ আল মামুনকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয়।
এরপর একই স্থানে পরিবেশিত হয় পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক কালরাত্রি।