নানা আয়োজনে পয়লা বৈশাখ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল শোভাযাত্রা, রংবেরঙের আলপনায় সাজসজ্জাসহ নানা আয়োজনে উদ্যাপন করা হলো পয়লা বৈশাখ। বিপুল উৎসাহ-উদ্দীপনায় নানা বয়স, শ্রেণী ও পেশার মানুষ মেতেছিলেন বর্ষবরণের এই প্রাণের উৎসবে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উদীচীর খুলনা জেলা সংসদ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করে। সকাল সাড়ে ছয়টায় নগরের সার্কিট হাউসের পাশে জজকোর্ট-সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয় প্রভাতি অনুষ্ঠান। খুলনা বিশ্ববিদ্যালয়ে সকাল পৌনে আটটায় বৈশাখী মেলার উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ ফায়েকউজ্জামান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
যশোর: ভোর সাড়ে ছয়টা থেকে শহরের মোড়ে মোড়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসকের বাংলোয় আয়োজন করা হয় পান্তা-ইলিশ উৎসব। শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই উৎসবে অংশ নেন। পৌর উদ্যানে উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেলে বিবর্তন ও সুরধ্বনি সংগীত নিকেতনের যৌথ আয়োজনে নবকিশলয় স্কুলমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যশোর পৌরসভার উদ্যোগে টাউন হল মাঠে দুই দিনব্যাপী গ্রামীণ মেলারও আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা: সকাল সাড়ে সাতটায় স্থানীয় ভিজে স্কুল ময়দান থেকে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
মাগুরা: ভোরে জেলা শহরের নোমানীয় ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে উদীচী শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকাল সাতটায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়।