নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত

র্যালি, শিশু সমাবেশ, কেক কাটা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন’। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বরিশালেবৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরের বঙ্গবন্ধু উদ্যান-সংলগ্ন জাতির জনকের ম্যুরালে আলোক প্রজ্বালন এবং পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ, বিভাগীয় কমিশনার মো. গাউস, ডিআইজি শেখ মারুফ হাসান, পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তারা এখানে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

গতকাল শুক্রবার সকাল আটটায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সকাল সাড়ে নয়টায় নগরের সার্কিট হাউস থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রাটি অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ। সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা অংশ নেয়।
খুলনায় গতকাল সকালে খুলনা বয়রা মহিলা কলেজ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিউমার্কেট হতে শুরু হয়ে খুলনা বেতার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলের মালা দেওয়া হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দেওয়ার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দিবসটি উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা ও নির্ধারিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপাচার্য মুহাম্মদ আলমগীর এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
দিবসটি উদ্যাপন উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আকবর টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ মিজানুর রহমান।
ফরিদপুরে সকাল আটটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল নয়টার দিকে অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করে।
সন্ধ্যায় স্থানীয় কবি জসীমউদ্দীন হলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশারররফ হোসেন।এ ছাড়া দিবসের অন্য কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান, মিলাদ ও দোয়া এবং বিশেষ প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণসংগীত।
একইভাবে মাদারীপুর, সাতক্ষীরা, পিরোজপুর, পটুয়াখালী, শরীয়তপুর, ঝালকাঠিতেও নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।