নানা আয়োজনে বঙ্গবন্ধুর ৯২তম জন্মদিন পালিত
সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মদিন পালিত হয়েছে। সরকারিভাবে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাতটায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দলীয় নেতাদের নিয়ে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে দুজনই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ধানমন্ডিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের কর্মসূচির পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।সংগঠনগুলোর মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নারী মুক্তি আন্দোলন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ইসলামিক ফাউন্ডেশন, বঙ্গবন্ধু লেখক পরিষদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ঢাকা সড়ক পরিবহন সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি ঐক্য পরিষদ অন্যতম। এ ছাড়া বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, জাতীয় গ্রন্থকেন্দ্র, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।