নানা আয়োজনে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী পালন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পদভারে মুখরিত হয়ে ওঠে ৫০ বছরের পুরোনো এ বিদ্যালয়ের প্রাঙ্গণ।
দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল প্রবীণ শিক্ষার্থীদের স্মৃতিচারণা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়ন।
এ উপলক্ষে বিদ্যালয়ের ২৭ জন প্রতিষ্ঠাতার নাম–সংবলিত একটি ফলক উন্মোচন করা হয় এবং সুবর্ণ ২০১৬ নামে একটি বর্ণিল স্মরণিকা প্রকাশিত হয়।
সন্ধ্যায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মিয়া, সমাজসেবক আরিফুর রহমান, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাফিল মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, আগামী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক–অভিভাবকসহ সবারই দায়িত্ব রয়েছে।