বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মজিজ্ঞাসা। তাঁর জবাবদিহি ও দায়বদ্ধতা থাকতে হবে নিজের বিবেকের কাছে, যা ভবিষ্যতে তাঁর পথচলার পাথেয় হয়ে থাকবে।গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী। তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগের শিক্ষক আয়েশা বানু। লিখিত বক্তব্যে নাজমা চৌধুরী শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আমাদের জানতে হবে বিভাগের উন্নতির জন্য যা যা করণীয় ছিল, তা করতে পেরেছি কি না? ব্যক্তিস্বার্থ ঘিরেই কাজ করেছি কি না? বিভাগের প্রতি আনুগত্য কুণ্ঠাহীন ও নিঃস্বার্থ ছিল কি না? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আত্মজিজ্ঞাসা প্রয়োজন।’১০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে গতকাল বিভাগে ছিল উৎসবের আমেজ। শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে নানা আয়োজনে পালিত হয় দিনটি। একই সঙ্গে মামুনা খাতুন স্মৃতি বৃত্তি প্রদান, লীলা নাগের ১১০তম জন্মবর্ষ পূর্তি, প্রীতিলতা ওয়াদ্দেদার ও সুফিয়া কামালের জন্মশতবর্ষ পালন করা হয়। এ বছর মামুনা খাতুন বৃত্তি পান মাইনূল ইসলাম। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজমা চৌধুরী চার মহীয়সী নারীর স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন। এরপর শুরু হয় আলোচনা সভা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদউদ্দিন আহমেদ। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগেই কিছু না কিছু সমস্যা রয়েছে। তবে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগটি প্রথম থেকেই যোগ্য নেতৃত্বের হাতে ছিল বলে এ বিভাগের কোনো সমস্যা কানে আসেনি। ডিন বলেন, নারীদের অবদান সঠিকভাবে মূল্যায়ন করা না হলে জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আর যে দেশের অর্ধেক জনসংখ্যাই নারী, সেখানে নারীরা বেকার থাকলে দেশের উন্নয়নও সম্ভব নয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুনা খাতুনের চার সন্তান। তাঁদের পক্ষ থেকে তৃতীয় সন্তান ফৌজিয়া মোসলেম বলেন, নারীদের অবস্থা পরিবর্তনে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগকে আরও কাজ করতে হবে।বিভাগের চেয়ারপারসন সোহেলী খাদিজা আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব, ড. মালেকা বেগম, তানিয়া হক, উম্মে বুশরা সুলতানা, ফাতেমা রওশন জাহান, ফৌজিয়া মান্নান, হেলাল হোসেন ঢালী প্রমুখ।২০০০ সালে দুজন শিক্ষক নিয়ে বিভাগটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে রয়েছেন ১২ জন শিক্ষক। আছে দুই হাজার ৭০০ বইয়ের সমন্বয়ে একটি সমৃদ্ধ লাইব্রেরি আর জার্নাল সংখ্যা ৩৩৫। বিভাগের ১০ বছর পূর্তির অনুষ্ঠানমালা আগামী ৯ ডিসেম্বর রোকেয়া দিবস উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হবে।