নানা আয়োজনে বিশ্ব নাট্য দিবস উদ্যাপিত
শিখা চিরন্তনের পাশে একদল নাট্যকর্মীকে দেখা গেল বর্ণিল প্ল্যাকার্ড ও ব্যানার হাতে। তাঁদের বর্ণিল উপস্থিতি আর স্লোগানে পুরো এলাকা সচকিত হলো। সেখান থেকে শুরু হলো বিশ্ব নাট্য দিবসের আনন্দ শোভাযাত্রা।
নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার উদ্যাপিত হলো বিশ্ব নাট্য দিবস। বিশ্বের সব নাট্যকর্মী ও শিল্পীর মধ্যে সৌহার্দ্য স্থাপন ও নাটকের শক্তিকে নতুন করে আবিষ্কার করার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে দিবসটি পালন করে শিল্পকলা একাডেমী, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, গ্রুপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদ।
সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও সম্মাননা পর্ব। এ বছর বিশ্ব নাট্য দিবস সম্মাননা পেয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। বিশ্ব নাট্য দিবস বক্তৃতা দেন অধ্যাপক আফসার আহেমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইটিআই বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী। এরপর ছিল বিভিন্ন নাট্যদলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যকর্মীদের প্রীতি সম্মিলনী।