নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল সোমবার দেশজুড়ে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শারীরিক শাস্তি বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি ও বলে’।দিবসটি উপলক্ষে বিকেলে শিশু একাডেমীর সামনে থেকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর নেতৃত্বে শিশুদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। শিশুদের অধিকার নিয়ে কাজ করে, এমন বিভিন্ন সংগঠন এই শোভাযাত্রায় অংশ নেয়। শহীদ মিনারে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এতে অংশ নেন শিক্ষাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন এবং শিশুচিকিৎসক ও জাতীয় অধ্যাপক এম আর খান।সুবিধাবঞ্চিত পথশিশুদের অধিকার নিয়ে কাজ করে, এমন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অপরাজেয় বাংলাদেশ’ মিরপুরে মানববন্ধন এবং শাহবাগ মোড় থেকে একটি শোভাযাত্রা বের করে।শিশু অধিকার সপ্তাহের অংশ হিসেবে আজ মঙ্গলবার মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে সাড়ম্বরে পালিত হচ্ছে জাতীয় কন্যাশিশু দিবস। এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, কন্যাশিশুদের আনন্দ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত একটি শোভাযাত্রা সকাল নয়টায় শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে শিশু একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হওয়ার কথা। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এর নেতৃত্ব দেবেন। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শহরের কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্প (দ্বিতীয় পর্যায়) কাল বুধবার তেজগাঁওয়ে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে শিশু অধিকার বিষয়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করেছে।