নানা আয়োজনে মহান মে দিবস পালিত
চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে। মে দিবসে বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দল সমাবেশ ও মিছিল করেছে। এসব মিছিল-সমাবেশ থেকে সাভারের দুর্ঘটনার বিচারের দাবি করা হয়। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরিসহ শিল্প-কারখানায় নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টির দাবিও জানান শ্রমিক নেতারা। মহান মে দিবসে শ্রমিক লীগ নগরের দুটি আলাদা স্থানে সমাবেশের আয়োজন করে। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা নগরের লালদীঘি ময়দানে সমাবেশের আয়োজন করে। অন্যদিকে সাংসদ নুরুল ইসলাম বিএসসির অনুসারীরা চট্টগ্রাম রেলস্টেশন চত্বরে পৃথক সমাবেশ করে। গত বুধবার বিকেলে লালদীঘির মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা মুখে “দুনিয়ার মজদুর এক হও”, বললেও আমাদের মধ্যে রয়েছে বিভক্তি। শ্রমিকদের নিয়ে চলছে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত। মালিকদের সঙ্গে নেতাদের আঁতাতের কারণে শ্রমিকদের ন্যায্য দাবি উপেক্ষিত থেকে যাচ্ছে।’ নগর বিএনপি নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাভারে মর্মান্তিক দুর্ঘটনায় বিপুলসংখ্যক শ্রমিক হতাহতের ঘটনায় সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে মিছিল-সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গত বুধবার বিকেলে নগরের ডি সি হিলে মে দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদীচী, প্রমা ও বোধন।