নানা আয়োজনে রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের রচনাবলি বাঙালির অনুপ্রেরণার উৎস। আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, অর্জন-ব্যর্থতার আশ্রয়স্থল রবীন্দ্রনাথ। এ বছর পালিত হচ্ছে বিশ্বকবির ১৫৩তম জন্মবার্ষিকী। এ জন্মজয়ন্তীতে চট্টগ্রামে আয়োজিত হচ্ছে রবীন্দ্রনাথ স্মরণে নানা অনুষ্ঠান।
রক্তকরবী: ১২ মে সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করে সংগীত সংগঠন রক্তকরবী। শুরুতেই ছিল দলীয় পরিবেশনা ‘দাড়াও মন অনন্ত’, ‘আজ ধানের ক্ষেতে’ ও ‘আলোকের এই ঝরনাধারায়’। দলীয় পরিবেশনার পর ‘সঘন গহন রাত্রি’ গানে মুগ্ধ করেন সত্যজিৎ ঘোষ। এরপর আবার দলীয় পরিবেশনা ‘মহাবিশ্বে মহাকাশে’। এভাবে দলীয় ও এককে চলতে থাকে গান। সংগীত পরিবেশনার ফাঁকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পাঠ করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। এ আয়োজনে একক সংগীত পরিবেশন করেন শীলা মোমেন, শ্রাবন্তী ধর, নন্দিতা ভট্টাচার্য, শুভ্রতা দাশ, সোমা রায়, সুচয়ন পাল, জয়িতা চক্রবর্তী, পূরবী বড়ুয়া, সৃষ্টি বড়ুয়া ও লাকি দত্ত।
বোধন: রবীন্দ্রনাথের সাহিত্য সম্ভারের কিছু অংশ থেকে তুলে এনে আবৃত্তির মাধ্যমে ১৩ মে বোধন আবৃত্তি পরিষদ উদ্যাপন করে রবীন্দ্র জন্মজয়ন্তী। সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে ছয়টি প্রযোজনা পরিবেশনের মাধ্যমে সংগঠনটি তারুণ্যের রবীন্দ্র ভাবনাকে উপস্থাপন করে। ‘আমাদের রবীন্দ্রনাথ’ শিরোনামের প্রযোজনার মাধ্যমে শুরু হয় আয়োজন। সঞ্জয় পালের নির্দেশনায় এ প্রযোজনাটিতে অল্প সময়ে রবীন্দ্রনাথের ব্যাপকতাকে উপস্থাপন করা হয়। এরপর কুসংস্কারপূর্ণ চেতনায় বলি হওয়া বালক রাখালের কাহিনি শিল্পীরা ফুটিয়ে তোলেন প্রশান্ত চক্রবর্তীর নির্দেশনার শ্রুতি প্রযোজনা ‘দেবতার গ্রাস’। মাইনুল আজম চৌধুরী কবিগুরুর ‘বাঁশি’ কবিতাটি আবৃত্তি করেন। এরপর মঞ্চে আসে খুদে আবৃত্তিশিল্পীরা। তারা পরিবেশন করে সঞ্জয় পাল ও মিথিলা চৌধুরীর নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘শ্রাদ্ধ’।
শিশুদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন অনুষ্ঠানের অতিথি আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মুস্তাফা। আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত ও শারমিন মৃত্তিকা দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন মহাভারতের আখ্যান অবলম্বনে ‘কর্ণ-কুন্তি সংবাদ’। এ ছাড়াও এ আয়োজনে একক আবৃত্তি করেন শিমুল নন্দী, জাভেদ হোসেন ও প্রণব চৌধুরী।
রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা: বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় শাখার আয়োজনে ১৪ মে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান ‘সবারে করি আহ্বান’। ‘হে নূতন’ শিরোনামে দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সন্ধ্যা সাতটায় শুরু হয় এ আয়োজন। একে একে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘বহে নিরন্তর’, ‘আমার মাথা’ ও ‘আকাশ জুড়ে’। এরপর ছিল উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে আসেন সংগীতজ্ঞ মিহির নন্দী।
উদ্বোধন শেষে মঞ্চে শুরু হয় রবীন্দ্রনাথের গান ও কবিতার একক পরিবেশনা। প্রথমেই মঞ্চে ইমেল্ডা ‘প্রাণ ভরিয়ে’, বহ্নি শিখা ‘রহি রহি আনন্দ’ ও কাবেরী দাশ গুপ্ত শোনান ‘তোমায় গান শোনাবো’ গান তিনটি। এরপর আবৃত্তিশিল্পী রাশেদ হাসান মঞ্চে আসেন ‘আফ্রিকা’ কবিতাটি নিয়ে। আবৃত্তি শেষে আবার শুরু হয় একক গান পরিবেশনা। এরপর পাঠ অভিনয় নিয়ে মঞ্চে আসেন শুভ্রা বিশ্বাস। প্রবীর পালের সঞ্চালনায় আয়োজনের শেষ পর্যায়ে একক সংগীত পরিবেশন করেন শ্রেয়সী রায়, প্রদীপ দাশ ও আইরিন সাহা।