আলোচনা সভা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপিত হয়েছে।বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন ফরিদপুর সদর আসনের সাংসদ এবং শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। এতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এস এম নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আফসানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা আক্তার, প্রাক্তন ছাত্রী নাজমুন্নেসা আলী ও আইভী মাসুদ, প্রধান শিক্ষক বেলা রানী সরকার প্রমুখ বক্তব্য দেন। এর আগে বেলা ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।দিনব্যাপী এ শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ১৫ জন প্রাক্তন ছাত্রী ও পাঁচজন প্রাক্তন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।