নানা আয়োজনে শেখ কামালের জন্মদিন পালিত
নানা আয়োজনে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৬৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।গতকাল সকাল নয়টায় আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ১০টায় বনানী কবরস্থানে শেখ কামালসহ ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খানসহ দলীয় নেতারা। এরপর শেখ কামালের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ। এ ছাড়া ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলেচনা সভার আয়োজন করে। এতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন। শেখ কামাল ১৯৪৯ সালের ৪ আগস্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ২৬ বছর বয়সে তিনি নিহত হন।