নানা আয়োজনে সারা দেশে সরস্বতী পূজা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উত্সাহ-উদ্দীপনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বুধবার সারা দেশে সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসের মতিহার হলের পূর্ব পাশে মন্দিরে পূজার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, সহউপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্, কোষাধ্যক্ষ এম আবদুর রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা গতকাল পূজামণ্ডপ পরিদর্শন করেন।ইসলামী বিশ্ববিদ্যালয়: সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) পূজার আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরেশ চন্দ্র বর্মণ। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য মো. কামাল উদ্দিন। পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে মণ্ডপ তৈরি করে পূজা উদ্যাপন করা হয়। পরে সেখানে উপস্থিত শিক্ষার্থী ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।ফরিদপুর: সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর সিটি কলেজ, ফরিদপুর জিলা স্কুল, ফরিদপুর সরকারি বালিকা বিদ্যালয়, ফরিদপুর উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয়।নড়াইল: সরকারি উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ পূজামণ্ডপে উপস্থিত হয়। চাঁদপুর: আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে চাঁদপুরের পাঁচ শতাধিক মণ্ডপে পূজা উদ্যাপন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন মণ্ডপে সারা দিনই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল।