নানা আয়োজনে সিআরপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনকেন্দ্র (সিআরপি) ৩৮তম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বিভিন্ন আয়োজনের পাশাপাশি সিআরপিতে অবস্থানরত রোগীদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ সোমবার বেলা তিনটায় কেক কেটে এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভ্যালেরি এ টেইলর। পরে সিআরপির রেডওয়ে হলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সেবাগ্রহীতারা (রোগী) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ভ্যালেরি এ টেইলর। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. সফিকুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান সেলিম ও শিল্পী হাসান আবিদুর রেজা।
ভ্যালেরি এ টেইলর বলেন, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং রোগীদের নিয়ে সিআরপি অনেক বড় একটি পরিবারে পরিণত হয়েছে। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অবদান রয়েছে। আসাদুজ্জামান সেলিম বলেন, কীভাবে মানুষের সেবা করতে হয়—ভ্যালেরি এ টেইলর তাঁর কাজের মধ্য দিয়ে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সব শেষে মো. সফিকুল ইসলাম তাঁর বক্তব্যে সব কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীসহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
১৯৭৯ সালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিত্যক্ত সিমেন্ট গুদামে সিআরপির যাত্রা শুরু। ভ্যালেরি এ টেইলরের হাত ধরে একজন ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ওই সময় মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত মাত্র চারজন রোগী নিয়ে কাজ শুরু করেছিলেন। বর্তমানে সারা দেশে সিআরপির মোট ১৩টি কেন্দ্র রয়েছে।