নানা আয়োজনে সুচিত্রা সেনের জন্মদিন উদ্যাপন

স্মৃতিচারণা, কেক কাটা, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা ও পাবনার মেয়ে প্রয়াত সুচিত্রা সেনের জন্মদিন উদ্যাপিত হয়েছে। পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করে।
বেলা ১১টায় জেলা শহরের হেমসাগর লেনে অবস্থিত সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে জেলা প্রশাসনের আয়োজনে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে স্মৃতিচারণা অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাবিদ মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন, সাংবাদিক আবদুল মতীন খান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক প্রলয় চাকী প্রমুখ।
স্মৃতিচারণা শেষে বাড়িটিতে সুচিত্রা সেনের বিভিন্ন ছবি নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রদর্শনী ঘুরে দেখেন। দুপুর ১২টায় শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে ‘সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ’। পরিষদের সহসভাপতি চিকিৎসক রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ও পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিবজিত নাগ, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদার, জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আঁখিনূর ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন এম আবদুল আলীম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজশিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম শওকত আলী খান প্রমুখ। পরে কেক কেটে সুচিত্রা সেনের জন্মদিন উদ্যাপন করা হয়।
একই সময় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা, কেক কাটা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ। সংসদের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পাবনার লালন পরিষদের সভাপতি রেজাউল করিম, নাট্য সংগঠন গণমঞ্চের সভাপতি গণেশ দাশ, নাট্যকার ফিরোজ খন্দকার প্রমুখ। সন্ধ্যায় সুচিত্রা সেন অভিনীত বাংলা চলচ্চিত্র পথে হলো দেরি প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে বিকেলে পাবনা ড্রামা সার্কেল, প্রথম আলো পাবনা বন্ধুসভা, মহীয়সী পাঠচক্রসহ বিভিন্ন সংগঠন কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি। এই বাড়িতে তিনি বাবা-মা ও ভাইবোনের সঙ্গে শৈশব ও কৈশোর কাটিয়েছেন। ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে কলকাতায় চলে যান।