নানা আয়োজনে সৈয়দপুরে শহীদ দিবস পালন
নীলফামারীর সৈয়দপুরে ১২ এপ্রিল (গতকাল মঙ্গলবার) স্থানীয়ভাবে শহীদ দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে সৈয়দপুরে দেড় শতাধিক লোককে হত্যা করা হয়। বিভিন্ন সংগঠন বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, সমাবেশ, জাতীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে।স্থানীয় শহীদ দিবস উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়ক সাখাওয়াৎ হোসেন খোকন জানান, মুক্তিযুদ্ধের এই দিনে সৈয়দপুরের গণ্যমান্য ব্যক্তিদের রংপুর সেনানিবাস এলাকার নিসবেতগঞ্জ বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁরাসহ যুদ্ধের নয় মাসে সৈয়দপুর শহরের প্রায় তিন হাজার শহীদের স্মরণে ১২ এপ্রিল প্রতিবছর স্থানীয় শহীদ দিবস পালন করা হয়।স্থানীয় শহীদ দিবস স্মৃতি অম্লান চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে স্থানীয় সব রাজাকারকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি করা হয়। এতে প্রজন্ম ’৭১-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহীন রেজা নূর, মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেয়া চৌধুরী, বিশিষ্ট লেখিকা রিজিয়া রহমান প্রমুখ বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন প্রজন্ম ’৭১-এর সৈয়দপুর জেলা শাখার সভাপতি মুজিবুল হক।