নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদ্যাপিত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়া ছাড়াও গতকাল বুধবার রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে ভোরে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল ছয়টা ২০ মিনিটে বিজিবির ইউনিটগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাতটায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদসহ অন্যরা পিলখানার স্মৃতিসৌধ ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ ছাড়া ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ প্রেক্ষিতে বিজিবির করণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, বিশেষ মোনাজাত এবং বিজিবি হাসপাতালের রোগীদের উন্নত খাবার দেওয়া হয়।
গুলশান ইয়ুথ ক্লাবে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ ছাড়া শহীদদের স্মরণে ক্লাব প্রাঙ্গণের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ‘তোমাদের হাতে তুলে দিলাম বিজয় পতাকা’ শীর্ষক অনুষ্ঠানে শিশুদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ক্লাব সদস্যদের শিশুসন্তানদের সমবেত সংগীত ও নৃত্য পরিবেশনা, আবৃত্তি, গণসংগীত এবং জীবন থেকে নেয়া চলচ্চিত্র প্রদর্শনী। এ ছাড়া ইন্ডিয়ান বংশোদ্ভূত উর্দুভাষী সংখ্যালঘু কাউন্সিল-বাংলাদেশ, সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ শান্তির দল দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে।