আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উৎসবের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। উৎসবের দ্বিতীয় দিনের কার্যক্রম গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল ১০টায় নিবন্ধনের মাধ্যমে পুনর্মিলনী উৎসবের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসব প্যান্ডেলে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রায় প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশ নেন। এ সময় নেচেগেয়ে আনন্দ-আড্ডার মাধ্যমে উল্লাস প্রকাশ করেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। বিকেল সোয়া চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উপাচার্য মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেন শাহজালাল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে আধুনিক শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ উল্লেখ করে বলেন, কুদরদ-ই-খুদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ আধুনিক শিক্ষায় আরও এগিয়ে যেত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, প্রথম ব্যাচের শিক্ষার্থী ফরিদ আলম, পুনর্মিলনী কমিটির সদস্যসচিব সুশান্ত দাশগুপ্ত প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনের পাশাপাশি গান পরিবেশন করে ব্যান্ডদল নগর বাউল। আজ উৎসবের শেষ দিনে অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে প্রথম আলো জবসের চাকরির মেলা।