নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচিতে গতকাল বুধবার সারা দেশে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হয়েছে। এবার প্রতিপাদ্য ছিল ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা; বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’।
সিরাজগঞ্জে সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা বেগম। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বক্তব্য দেন সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাত আরা হেনরী, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা নারগিস প্রমুখ।
রায়গঞ্জে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। এদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আয়নুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান প্রমুখ।
পাবনার ভাঙ্গুড়া সদরের হাসিনা মোমিন বালিকা উচ্চবিদ্যালয় সকালে বাল্যবিবাহকে না বলার শপথ ও এর কুফল জানাতে মানববন্ধন করে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি এর আয়োজন করে। শপথ পাঠ করান অষ্টমনিষার ইউপি চেয়ারম্যান আয়নুল হক। পরে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা হয়।
ঈশ্বরদী উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের উদ্যোগে সকালে শোভাযাত্রা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শাকিল মাহমুদ। বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান ও বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা। ঈশ্বরদী গ্রিন জুয়েলস কিন্ডারগার্টেনে মা সমাবেশ ও আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন অধ্যক্ষ আনিসুজ্জামান।
চাঁপাইনবাবগঞ্জ শহরে সকালে বিতর্ক প্রতিযোগিতা হয়। নারী সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ আলীনগর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিযোগিতায় পক্ষ-বিপক্ষ দলে ছয়জন শিক্ষার্থী অংশ নেয়। বিচারকের দায়িত্বে ছিলেন জাগো নারী বহ্নিশিখার আহ্বায়ক ফারুকা বেগম, সদস্যসচিব মনোয়ারা খাতুন, সদস্য বিলকিস আহম্মেদ চৌধুরী।
ব্র্যাকের উদ্যোগে গতকাল নাটোরের গুরুদাসপুরের ধারাবারিষা ইউপির সামনের সড়কে মানববন্ধন হয়। পরে পরিষদের হলরুমে আলোচনা সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবদুল মতিন, প্রধান শিক্ষক আহম্মদ আলী, প্রধান শিক্ষক মোছা ইশমত আরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তাফা প্রমুখ।
নওগাঁয় দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ত ম আবদুল্লা হেল বাকী, সাবেক সাংসদ শাহিন মনোয়ারা হক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, সিনিয়র এএসপি ফারজানা হোসেন প্রমুখ।
রাজশাহীর বাগমারা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার দপ্তরের উদ্যোগে শোভাযাত্রা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাছরিন আক্তার। মহিলাবিষয়ক কর্মকর্তা ওয়াহেদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম।
বগুড়ার শেরপুরের বিশালপুর উচ্চবিদ্যালয়ের মাঠে সকালে মানববন্ধন হয়। প্রধান অতিথি ছিলেন মেয়র আবদুস সাত্তার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশালপুর ইউপির চেয়ারম্যান সুবোধ চন্দ্র সরকার। পরে নারী দিবস নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এ কে এম সরোয়ার জাহানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ; পাবনা অফিস এবং ঈশ্বরদী, সিরাজগঞ্জ, রায়গঞ্জ, গুরুদাসপুর (নাটোর), নওগাঁ, বাগমারা (রাজশাহী) ও শেরপুর (বগুড়া) প্রতিনিধি)