দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা, শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয়।
‘আকাশের দরজা খোলা, ছুটে আয় করবি খেলা...’ গানটি বেজে ওঠার সঙ্গে সঙ্গে একদল পুতুল মঞ্চে এল। তাদের পুতুলই বলা যায়। পুতুলের মতোন মুখ, হাতে পায়ে সুতো বাঁধা। গানের সঙ্গে চলছে নাচ। শিশু দিবসে এটিই ছিল রাজশাহী শিল্পকলা একাডেমির পরিবেশনা। পরে পুতুলদের গান শোনাতে মঞ্চে এল বন্ধু ফারহানা। সে গাইল ‘যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই...’। উপস্থিত ছিলেন রাজশাহী শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান, ডিসি কাজী আশরাফ উদ্দীন প্রমুখ। রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হয়। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সম্পাদক ডাবলু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগ সকালে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং প্রতিকৃতিতে মাল্যদান করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য রফিকুল আলম বেগ।
নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করে। পরে আলোচনা সভা হয়। বক্তব্য দেন ডিসি শাহিনা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, এসপি বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ। পরে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এখানে কেক কাটা হয়। এ ছাড়া জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরাল উদ্বোধন করা হয়। ডিসি শাহিনা খাতুন এর উদ্বোধন করেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা হয়। ডিসি কামরুল নাহার সিদ্দীকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ হাবিবে মিল্লাত। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সাংসদ সেলিনা বেগম, এসপি মিরাজ উদ্দিন আহম্মেদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু ইউসুফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুল ইসলাম প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মো. হাবিব উল্লাহ বাহার।
রায়গঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আতাউর রহমান প্রমুখ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার।
নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের হয়। পরে পুরোনো কালেক্টরেট চত্বর মাঠে শিশু সমাবেশ ও আলোচনা সভা হয়। ডিসি আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন এসপি মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ত ম আবদুল্লাহেল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার প্রমুখ। দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল মালেক, জেলা আওয়ামী লীগের সম্পাদক সাংসদ সাধন চন্দ্র মজুমদার প্রমুখ। আত্রাইয়ে ইউএনও মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান।
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শাকিল মাহমুদ। বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম প্রমুখ। প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বগুড়ার আদমদীঘি সদরে শোভাযাত্রা শেষে উপজেলা চত্বর শহীদ মিনারে আলোচনা সভা হয়। ইউএনও রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনজু আরা বেগম প্রমুখ। দুপচাঁচিয়া শোভাযাত্রা বের করা হয়। অডিটোরিয়ামে আলোচনা সভায় ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্ব করেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও রায়গঞ্জ, নওগাঁ, ঈশ্বরদী (পাবনা), দুপচাঁচিয়া, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি]