নানা কর্মসূচিতে কবিগুরুর জন্মজয়ন্তী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার সিরাজগঞ্জ ও নওগাঁয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরুর জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শাহজাদপুরে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এতে সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, শাহজাদপুরে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। ইতিমধ্যে এ বিশ্ববিদ্যালয়ের কাজ অনেক দূর এগিয়েছে। একনেকে পাস করাসহ সংসদেও অনুমতি দেওয়া হয়েছে। আইন প্রণয়ন হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাপন করা এখন সময়ের ব্যাপার।
আসাদুজ্জামান নূর বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন অসাম্প্রদায়িক ব্যক্তি। তিনি সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে ভাবতেন। তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দেশের সকল স্তরের মানুষকে নিয়ে ভাবতেন। রবীন্দ্রনাথের সকল দর্শন, প্রেম, অনুভূতি আমাদের মনে লালন করতে পারলে আমরাও একজন সজ্জন মানুষে পরিণত হতে পারব। সঠিক মানুষ হতে গেলে রবীন্দ্রনাথকে অনুসরণ করতে হবে।’
সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ হাসিবুর রহমান, ম ম আমজাদ হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক প্রমুখ। সবশেষে ধন্যবাদ বক্তব্য দেন শাহজাদপুরের ইউএনও শামীম আহমেদ।
এদিকে বেলা ১১টার দিকে রায়গঞ্জ শিল্পকলা একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও ইকবাল আখতার। আলোচনা সভায় কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে বক্তব্য দেন চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ গাজী রেজাউল করিম তালুকদার, মুক্তিযোদ্ধা ও লেখক আবদুল খালেক, বেগম নূরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের শিক্ষক আনিছুর রহমান, উপজেলা সদর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক সাজেদুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সুফিয়ান কামাল, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান প্রমুখ।
নওগাঁর আত্রাইয়ের পতিসরে কবিগুরুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. আমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, রবীন্দ্র-গবেষক আশরাফুল ইসলাম, জ্যোতিন্দ্রনাথ ভাদুড়ী, আত্রাইয়ের ইউএনও মোখলেছুর রহমান, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ প্রমুখ।