নানা কর্মসূচিতে জন্মাষ্টমী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে পূজা-পার্বণ, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। ধর্মপ্রাণ হিন্দুরা উৎসবমুখর পরিবেশে এসব কর্মসূচিতে অংশ নেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: দুপুরে বাদ্য-বাজনাসহকারে মায়ের বাড়ি মন্দির থেকে শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়কগুলো ঘুরে এটি নারকেলতলায় পূজা মন্দিরে গিয়ে শেষ হয়। এতে পূজা উদ্যান পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জি, সাধারণ সম্পাদক অনীত মুখার্জি, যুগ্ম সম্পাদক অসীম চক্রবর্তীসহ ভক্তরা অংশ নেন।
মাগুরা: বেলা দুইটার দিকে শহরের নতুন বাজার কালীবাড়ি থেকে শোভাযাত্রা বের হয়। সেটি সাতদোহা ল্যাংটা বাবাজির আশ্রম মহাশ্মশানে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ বক্তব্য দেন।
পটুয়াখালী: সকাল ১০টায় সেন্টারপাড়া হিন্দু সমাজগৃহে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সমাজগৃহের সাধারণ সম্পাদক শুভাশীষ মুখার্জি। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।
বাউফল: শহরে দিনব্যাপী শোভাযাত্রা, আলোচনা সভা, ধর্মীয় সংগীত, পূজা-পার্বণ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। কালাইয়া মদন মোহন জিউর আখরাবাড়ি মন্দির চত্বরে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন বাউফল সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান অতুল চন্দ্র পাল।
নড়াইল: রামকৃষ্ণ আশ্রম থেকে দুপুরে শোভাযাত্রা বের হয়। সেটি কালীবাড়িতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সুবাস বোস। তিনি বলেন, ‘জঙ্গিরা আমাদের চেয়েও সংখ্যালঘু। তারা শুভশক্তির সঙ্গে পারবে না, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি।’
ফরিদপুর: সকাল সাড়ে আটটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। সেটি মুজিব সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়।
দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের কেন্দ্রীয় সর্বজনীন কালীবাড়ি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। সেটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এ ছাড়া ইসকন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পৃথক শোভাযাত্রা বের করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়: বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে টিএসসিসির করিডরে আলোচনা সভায় মিলিত হয়।