নানা কর্মসূচিতে জাতীয় গণহত্যা দিবস পালন

স্বাধীনতার ৪৬ বছর পর প্রথমবারের মতো ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়েছে। ২৫ মার্চ কালরাতে জীবন উৎসর্গকারীদের স্মরণে গতকাল শনিবার সারা দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে লক্ষ্মীপুর মোড় থেকে কালো পতাকা মিছিল বের হয়। সন্ধ্যায় প্রামাণ্যচিত্র দেখানো হয়। জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনার ও বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হয় এবং প্রদীপ জ্বালানো হয়। কিন্তু রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে কোনো কর্মসূচি পালন করেনি। দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযিম বলেন, ‘গত বৃহস্পতিবার পর্যন্ত আমাদের কাছে কোনো চিঠি আসেনি। তারপরও আমরা যাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাঁরা নিজেদের মতো করে দিবসটি পালন করেছি।’ বাগমারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। পরে নিউমার্কেট চত্বরে আলোচনা সভা হয়।
সিরাজগঞ্জে সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শোভাযাত্রা বের হয়। দুপুরে ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে জাতীয় জুট মিল চত্বরে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন সাংসদ হাবিবে মিল্লাত। বিকেলে স্বাধীনতা স্কয়ারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হয়। সন্ধ্যায় জেলা প্রশাসন ‘মুক্তির সোপান’-এ মোমবাতি জ্বালায়। পরে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে সভা হয়। রায়গঞ্জে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়। উপজেলা মিলনায়তনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার।
বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও শহীদদের স্মৃতিচারণা অনুষ্ঠান করা হয়। বিকেলে প্রেসক্লাব চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বগুড়া সাংবাদিক ইউনিয়ন। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাংসদ ও এক্সিম ব্যাংকের পরিচালক আবদুল মান্নান। প্রথম আলো বগুড়া বন্ধুসভা সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কয়ারের পাদদেশে ৪৬ মিনিট ধরে ৪৬টি প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে একাত্তরের ভয়াল কালরাত স্মরণ করেছে। দুপচাঁচিয়ায় সভায় ইউএনও শাহেদ পারভেজ সভাপতিত্ব করেন। সভার আগে উপজেলার পদ্মপুকুর, চৌধুরীপাড়া ও মরাগাঙ্গি বধ্যভূমিতে শহীদদের জন্য দোয়া করা হয়। শেরপুরে পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ইউএনও সরোয়ার জাহান। অংশ নেন পৌরসভার মেয়র আবদুস সাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান প্রমুখ।
নওগাঁয় গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করে। একুশে পরিষদ সন্ধ্যা সাড়ে ছয়টায় আলোর মিছিল বের করে। সন্ধ্যায় ৩৯টি বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের উদ্যোগে সকালে আলোচনা সভা হয়। দিবসটিকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানানো হয়।
নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে আলোচনা সভা করেছে। বিকেল পাঁচটায় উপজেলা মিলনায়তনে ইউএনও ইয়াসমিন আক্তার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাংসদ আবদুল কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ। সন্ধ্যায় শহরের চাঁচকৈড় বাজারে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক সভা হয়।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ; রাজশাহী ও বাগমারা, বগুড়া, শেরপুর ও দুপচাঁচিয়া, নওগাঁ ও সিরাজগঞ্জ ও রায়গঞ্জ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি)