নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন
গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, শোক র্যালি, মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও খাদ্য বিতরণ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গাজীপুর শহরে শোক র্যালি বের করা হয়। এ ছাড়া মহানগরের চান্দনা চৌরাস্তায় শোক র্যালি বের করা হয়। পরে চান্দনা হাইস্কুল মাঠে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক কর্মসূচি পালন করা হয়।
কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের জিনজিরা বাস রোড এলাকায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ ছাড়া জিনজিরা, আগানগর, তেঘরিয়া ও হাসনাবাদ এলাকায় বিভিন্ন স্থানে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
মানিকগঞ্জ: সকাল আটটায় জেলা শহরের আওয়ামী লীগ কার্যালয়ে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোক র্যালি বের করা হয়। এতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ: সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরে শোক র্যালি বের করা হয়। পরে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা হয়। র্যালিতে সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, বর্তমান সাংসদ মৃণাল কান্তি দাস প্রমুখ অংশ নেন। শ্রীনগরে সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, লৌহজং ও টঙ্গিবাড়ীতে সাংসদ সাগুফতা ইয়াসমিন, সিরাজদিখানে উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, গজারিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।