নানা কর্মসূচিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত
শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান।
কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়াম থেকে সকালে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রবিউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম শাহজাহান, জেল সুপার মো. বজলুর রশিদ প্রমুখ অংশ নেন। পরে সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. রফিকুল হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ আর এম ওয়াহিদুজ্জামান প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল আহসান, সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম প্রমুখ।
এদিকে নালিতাবাড়ীতে ১০টার দিকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও তরফদার সোহেল রহমান।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন কিশোরগঞ্জ, শেরপুর এবং নালিতাবাড়ী ও সরিষাবাড়ী প্রতিনিধি}