নানা কর্মসূচিতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার ফরিদপুর ও খুলনায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করেছেন দলটির নেতা-কর্মীরা।গতকাল সকালে ফরিদপুর শহরে জেলা স্বেচ্ছাসেবক দল একটি বড় শোক শোভাযাত্রা বের করে। এটি স্থানীয় কবি জসীমউদ্দীন হলের সামনে থেকে শুরু হয়ে মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন, মো. হাসানুর রহমান প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য দেন। জেলা যুবদল বেলা ১১টায় ফরিদপুর পৌরসভা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।খুলনা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সকাল সাড়ে নয়টায় জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল হয়। ওই সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নুরুল ইসলাম ওরফে দাদুভাই, জেলা সভাপতি মাজেদুল ইসলাম, সাংসদ নজরুল ইসলাম, সেকেন্দার আলী, গাজী আবদুল বারী, শাহারুজ্জামান মর্তুজা ও শেখ মোশারফ হোসেনসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বেলা ১১টায় শহরে শোক শোভাযাত্রা বের করা হয়।