নানা কর্মসূচিতে জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী পালিত
কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
কুিড়গ্রাম পোস্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ে সকালে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ। পরে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
এদিকে জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা জিয়া পরিষদ। ঠাকুরগাঁও প্রেসক্লাবে ওই সেমিনারে জেলা জিয়া পরিষদের সভাপতি চৌধুরী হুমায়ূন কবীর সভাপতিত্ব করেন। এ ছাড়া জিয়া পরিষদের সহসভাপতি আইয়ূব আলী, জেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আনিসুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।