নানা কর্মসূচিতে নিরাপদ সড়ক দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে গতকাল বুধবার কুমিল্লার দাউদকান্দি, জামালপুর, সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জের ভৈরবে শোভাযাত্রা, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৪ উপলক্ষে নিরাপদ সড়ক চাই-এর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দাউদকান্দি (কুমিল্লা): সকালে দাউদকান্দি পৌর ঈদগাহ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকা প্রদক্ষিণ শেষে টোলপ্লাজাতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাইয়ের কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি লিটন সরকার। বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, দাউদকান্দি পৌর মেয়র আবদুস সাত্তার, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান প্রমুখ।
জামালপুর: দুপুরে নিরাপদ সড়ক চাইয়ের জামালপুর শাখার সভাপতি মীর এমরুল হোসেনের নেতৃত্বে জাহেদা শফির মহিলা কলেজের ফটক থেকে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন এমরুল হোসেনসহ নিরাপদ সড়ক চাইয়ের জামালপুর শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব, উপদেষ্টা মীর আনছার আলী, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক প্রমুখ।
সুনামগঞ্জ: বেলা ১১টায় জেলা শহরের প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে নিরাপদ সড়ক চাই। এতে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
পরে শহরের আলফাত স্কয়ার এলাকায় মানববন্ধন হয়। এ সময় বক্তৃতা করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলা শাখার সভাপতি আ ত ম সালেহ, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, নিরাপদ সড়ক চাইয়ের জেলা কমিটির সভাপতি প্রদীপ পাল নিতাই প্রমুখ।
ভৈরব (কিশোরগঞ্জ): সকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার এমপি বালিকা উচ্চবিদ্যালয় থেকে শোভাযাত্রা বের করে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা।
শোভাযাত্রাটি মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে ওই বিদ্যালয়টির শহীদ মিনারের পাদদেশে নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি এস এম বাকী বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা হয়।