নানা কর্মসূচিতে নূর হোসেন দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ নূর হোসেন দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন এবং সামাজিক সংগঠনসমূহ।
স্বৈরশাসনবিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের ১০ নভেম্বর জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভের সময় পুলিশের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নূর হোসেন।
শহীদ নূর হোসেন সংসদ সকালে নূর হোসেন চত্বর ও জুরাইন কবরস্থানে নূর হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পণ করে।
আওয়ামী লীগের পক্ষ থেকে নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক প্রমুখ।
নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
ফুল দিয়ে শ্রদ্ধা জানান নূর হোসেনের বড় ভাই আলী হোসেন।
শহীদ নূর হোসেন ফাউন্ডেশন পুষ্পস্তবক অর্পণ এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, যুব মৈত্রী, ছাত্রদল, ছাত্রমৈত্রী, শহীদ নূর হোসেন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।