নানা কর্মসূচিতে ফুলবাড়ী দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলবাড়ী দিবস পালন উপলক্ষে তেল–গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ–বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আয়োজনে গতকাল দিনাজপুর শহরে শোক র‍্যালি বের করা হয় l প্রথম আলো
ফুলবাড়ী দিবস পালন উপলক্ষে তেল–গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ–বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আয়োজনে গতকাল দিনাজপুর শহরে শোক র‍্যালি বের করা হয় l প্রথম আলো

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার রংপুর, নীলফামারী ও দিনাজপুরে ফুলবাড়ী দিবস পালিত হয়েছে।

ফুলবাড়ী গণ-আন্দোলনের ১১ বছর পূর্তি উপলক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার উদ্যোগে সকাল ১০টায় স্থানীয় নিমতলা মোড় থেকে শোক র‍্যালি বের হয়। পাশাপাশি ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন আন্দোলনকারী সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করে। অনুষ্ঠানে জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব আনু মুহাম্মদ জাতীয় সম্পদের নিরাপত্তায় সরকারকে ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ছয় দফা চুক্তি বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে কমিটির ফুলবাড়ী শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হামিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন গণফ্রন্টের সভাপতি টিপু বিশ্বাস, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

জাতীয় কমিটি রংপুর শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর আগে একটি মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন জাতীয় কমিটি রংপুর শাখার আহ্বায়ক আবদুল ওয়াহেদ মিঞা। উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় উপদেষ্টা শাহাদত হোসেন, বাসদ (মার্ক্সবাদী) জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, গণসংহতির প্রত্যয়ী মিজান, বাসদের সাদেক হোসেন, বিজ্ঞান চেতনা পরিষদের রায়হান কবীর প্রমুখ। এদিকে সকাল আটটায় বাসদ (মার্ক্সবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।

বেলা ১১টার দিকে জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী শহরের কালীবাড়ি মোড় থেকে একটি মৌন মিছিল বের হয়। পরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এক মিনিট নীরবতা শেষে সেখানে আলোচনা সভা হয়। জাতীয় কমিটির জেলা আহ্বায়ক শ্রীদাম দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি আতিয়ার রহমান, বাসদ নেতা ইউনুস আলী, ইউসিএল নেতা স্বরণী বিশ্বাস, মুক্তিযোদ্ধা মফিজার রহমান, নুরুজ্জামান জোয়ারদার প্রমুখ।

২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি বাস্তবায়নের প্রতিবাদে বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আল আমিন, সালেকিন ও তরিকুল নামের তিনজন প্রাণ হারান এবং আহত হন কয়েক শ মানুষ। পরে ফুলবাড়ীবাসীর গণ-আন্দোলনের মুখে ছয় দফা চুক্তি করতে বাধ্য হয় তৎকালীন সরকার। এরপর থেকে সরকারের করা ছয় দফা চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলন করছেন ফুলবাড়ীবাসী ও জাতীয় কমিটি।

{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর, নীলফামারী প্রতিনিধি ও দিনাজপুর সংবাদদাতা}