নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যা লি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: সকাল আটটায় জেলা শহরের আওয়ামী লীগের কার্যালয়ে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ স্মৃতিফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস ও পুলিশ সুপার মাহফুজুর রহমান। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে শোকসভার আয়োজন করেন বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা। এতে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান সভাপতিত্ব করেন। বেলা ১১টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
নরসিংদী: সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কিশোরদের অংশগ্রহণে হামদ-নাত, আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা হয়। বিকেল চারটায় জেলা সার্কিট হাউসের সামনে থেকে শোক র্যা লি বের হয়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এদিকে মাধবদী উপজেলার কোথাও কোথাও জাতীয় পতাকার ওপরে শোক দিবসের পতাকা উড়তে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মু. রেহান উদ্দিন বলেন, জাতীয় পতাকার ওপরে জাতীয় শোক দিবসের পতাকা ওঠানো যাবে না। এটা করলে আইনের লঙ্ঘন হবে এবং জাতীয় পতাকার অবমাননা হবে। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সিগঞ্জ: সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যা লি বের করা হয়। বেলা ১১টায় জেলা জজ আদালতের সভাকক্ষে জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খন্দকার হাসান মো. ফিরোজ, অতিরিক্ত জেলা জজ এ কে এম মোজাম্মেল হক, মুখ্য বিচারিক হাকিম মো. বদরুল আলম ভূঞা, পিপি আবদুল মতিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া মুন্সিগঞ্জ পৌরসভা, মিরকাদিম পৌরসভা, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’সহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করে। টঙ্গিবাড়ী, গজারিয়া, শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলায় নানা অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন, সাংসদ মৃণাল কান্তি দাস, সাগুফতা ইয়াসমিন, সুকুমার রঞ্জন ঘোষ, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান প্রমুখ অংশ নেন।
নারায়ণগঞ্জ ও সোনারগাঁ: সকালে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট-সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
সকাল সাড়ে নয়টায় নগরের চাষাঢ়া বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ এ কে এম সেলিম ওসমান, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ। এর আগে সকালে জেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের নাগরিক ও শিক্ষার্থীদের নিয়ে শহরে একটি শোক র্যা লি বের করা হয়। নগরের পশ্চিম দেওভোগের ভূঁইয়ারবাগে বিদ্যানিকেতন হাইস্কুলে আবৃত্তি, সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সোনারগাঁয়ে পৃথকভাবে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করে। দিনের শুরুতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানান সাংসদ লিয়াকত হোসেন, সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, ইউএনও আবু নাছের ভূঁঞা প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উপাচার্যের নেতৃত্বে শোক র্যা লি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।