নানা কর্মসূচিতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইশারা ভাষা প্রসার, শ্রবণপ্রতিবন্ধী মানুষের অধিকার’ প্রতিপাদ্য নিয়ে রংপুর ও দিনাজপুরে গতকাল রোববার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
রংপুরের বধির সংঘ সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে গতকাল বেলা ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করে বধির সংঘ। এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। এতে সভাপতিত্ব করেন বধির সংঘের সভাপতি শরিফুল করিম। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য আনোয়ার হোসেন ও আকবর আলী। মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।
দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১০টায় শহরের বটতলী থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বেলা ১১টায় দিনাজপুর বধির ইনস্টিটিউটের সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্টিফেন মুর্মু। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপপরিচালক এ বি এম মুসা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, বধির ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাজনিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা (রেজি) আবু বক্কর সিদ্দিক ও তা ইশারায় বর্ণনা দেন বধির ইনস্টিটিউটের সহকারী শিক্ষিকা রাবেয়া ইসলাম। স্বাগত বক্তব্য দেন সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা মো. মুনির হোসেন। বক্তব্য দেন দিনাজপুর প্রতিবন্ধী সাহায্য ও সেবাকেন্দ্রের চিকিৎসক মো. নাসিম, আরডিএফের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান, সিডিএর অনামিকা পান্ডে ও দিনাজপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল শাহনেওয়াজ।
বক্তারা দিনাজপুরের ৩৪ হাজার প্রতিবন্ধীকে উন্নয়নের মূল স্রোতোধারায় সম্পৃক্ত করতে এবং প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানান।