নানা কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল রোববার মৌলভীবাজার, টাঙ্গাইল ও নেত্রকোনায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) বিভিন্ন বেসরকারি সংস্থা ও স্থানীয় প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার: সকালে বাপার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। পরে শহরের চৌমোহনা চত্বরে পথসভায় সভাপতিত্ব করেন বাপার সদস্য আ স ম সালেহ সুহেল। এ ছাড়া বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের মৌলভীবাজার শাখা দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সৈয়দ মহসিন পারভেজ। বক্তব্য দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী।
কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান প্রমুখ।
জুড়ী (মৌলভীবাজার): উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এবং বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে একই সময়ে উপজেলার ফুলতলা বাজারে শোভাযাত্রা বের করা হয়। ফুলতলা বাজারে আলোচনা সভায় শিক্ষক রণজিৎ কুমার নাথের সভাপতিত্ব করেন।
শেরপুর: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল। বক্তব্য দেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, শিক্ষক জীবন কৃষ্ণ বসু, সহকারী বন সংরক্ষক আবদুল ওয়াদুদ ভূঁইয়া প্রমুখ।
সখীপুর (টাঙ্গাইল): সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা হয়। বিকেলে উপজেলা পরিষদ মাঠে প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বন বিভাগ শিক্ষার্থীদের মধ্যে এক হাজার গাছের চারা বিতরণ করে।
কেন্দুয়া (নেত্রকোনা): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে গতকাল সাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ৩০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে।