নানা কর্মসূচিতে মা দিবস পালিত
সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সৈয়দপুর (নীলফামারী): দিবসটি উপলক্ষে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভা হয়। উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত, মহিলাবিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান প্রমুখ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় বিশ্ব মা দিবসের বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাশেদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান ইগলু চৌধুরী।
বিরামপুর (দিনাজপুর): নবাবগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে মা সমাবেশ ও উন্নয়ন ইস্যু-সংক্রান্ত এক অবহিতকরণ সভা হয়। বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. বজলুর রশীদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী।